প্রোগ্রামিং প্রতিযোগিতায় অ্যাডা লাভলে ‘র জন্মদিন উদযাপন করল বিডিওএসএন
বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস এর জন্মদিন উপলক্ষে ১০ ডিসেম্বর বিডিওএসএন কোডরেস নামে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত চার ঘন্টা ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে বিভিন্ন স্কুল- কলেজ থেকে আগ্রহী ৭ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এখানের প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশে ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০২২’ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা এবং বিডিওএসএন কোডরেস - কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করা হয়। অনলাইন প্লাটফর্মে শিক্ষার্থীরা বিনামূল্যে এই আয়োজনগুলোতে অংশ নেয়।
আয়োজন প্রসঙ্গে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ সপ্তাহ জুড়ে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে আয়োজন করা হয় ১ ঘন্টা ব্যাপী একটি অনুষ্ঠান আওয়ার অব কোড। ২০১৩ সাল থেকে দেশে আওয়ার অব কোড এর পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উৎযাপন করে আসছে বিডিওএসএন। এর পাশাপাশি গত কয়েক বছর ধরে অ্যাডা লাভলেস ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে এসব আয়োজনের পাশাপাশি ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্টও আয়োজন করা হবে।”
এবছর যৌথভাবে এই সপ্তাহ উৎযাপন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার,কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি),বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড – বাংলাদেশ এবং স্ক্র্যাচ বাংলাদেশ।